চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কয়েকজন নারী সাংবাদিককে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। ক্লাব নির্বাহী কমিটি এক বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অশ্লীল ও অপমানজনক বক্তব্য প্রচার করা হয়েছে—যা মুক্ত গণমাধ্যম ও সামাজিক শৃঙ্খলার ওপর সরাসরি হামলা। অভিযোগ করা হয়, উক্ত ফ্যাসিবাদী গোষ্ঠী অতীতেও নগরীর আন্দোলনে নারী অংশগ্রহণকারীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনে জড়িত ছিল।
প্রেস ক্লাব জানায়, নারী সাংবাদিকদের লক্ষ্য করে করা এসব মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইন–২০২৪ এর ধারা ২৬, ২৭ ও ২৯ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০৯ ও ৫০০–৫০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক নিরাপত্তা আইনেও এসব অপরাধ দণ্ডনীয়।
চট্টগ্রাম প্রেস ক্লাব চার দফা দাবি উত্থাপন করেছে—
১. দোষীদের শনাক্ত করে দ্রুত মামলা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তদন্ত ও গ্রেফতার অভিযান।
৩. অভিযুক্তদের কর্মস্থলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
৪. নারী সাংবাদিকদের সুরক্ষায় অনলাইন হয়রানি মনিটরিং জোরদার।
নির্বাহী কমিটি জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি বা হুমকি মুক্ত গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
