চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ নাসির (৪৩)। তিনি মৃত আবুল কালামের ছেলে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাসিরের হেফাজত থেকে আনুমানিক দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
র্যাব-৭ জানায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
