বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে খ্যাত মহাসড়কে ঐতিহাসিক জনসমাগমে ঢাকা মহানগরী পরিণত হয় জনসমুদ্রে।
তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে ধন্যবাদ জানানো ছাড়াও ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে আজকের অভ্যর্থনা অনুষ্ঠানে দায়িত্ব পালন করা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এছাড়া অনুষ্ঠানে কভারেজ দেওয়ায় সকল গণমাধ্যমের সাংবাদিকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
