খাগড়াছড়িতে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতা এবং বিভিন্ন উপজেলার তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’র হাতে ফোলের তোঁড়া দিয়ে যোগদান করেছেন।
আজ সোমবার (৫জানুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা ঝুমার বিরুদ্ধে একাধিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে এনসিপির নেতারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি যে লক্ষ্য ও আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছিল, তা থেকে দলটি সরে এসেছে।
এ অবস্থায় পাহাড়ি অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নেতৃত্ব হিসেবে ওয়াদুদ ভূইয়ার প্রতি আস্থা রেখে তারা এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন বলে জানান নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন এনসিপির খাগড়াছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম-সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা এবং বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক কর্মী।
যোগদান শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
