back to top

[the_ad id="407"]

৫০ লাখ চাঁদা দাবিতে ব্যাবসায়ীকে মারধর, গ্রেপ্তার কবির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে আহমেদ কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তি মোহাম্মদ সিরাজ জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
মোহাম্মদ সিরাজ অভিযোগ করে বলেন, “আমি বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতা করি। কমিশনের টাকা পাই। তিন–চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে পরিচয়ের পর থেকেই সে আমার কাছে টাকা দাবি করে আসছিল। সম্প্রতি সরাসরি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।”
তিনি আরও বলেন, “বুধবার রাতে বাজারে যাওয়ার সময় বাসার নিচে আহমেদ কবিরের নেতৃত্বে চার–পাঁচজন আমাকে আটকে চাঁদা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আমাকে তুলে নেওয়ারও চেষ্টা করা হয়।” স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সরে পড়ে বলে জানান তিনি।
পরে প্রতিবেশীদের সহায়তায় মোহাম্মদ সিরাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি শুক্রবার খুলশী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ কামাল বলেন, “আহমেদ কবির লোকজন নিয়ে ভুক্তভোগীর বাসার নিচে গিয়ে অতর্কিত হামলা করেন এবং তুলে নেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তদন্তের স্বার্থে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তার আহমেদ কবিরকে শনিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে আটক করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme