কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহারের এই যুগে গণমাধ্যমের প্রতি জনগণের ক্ষুণ্ন হওয়া আস্থা ফিরিয়ে আনতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
গত ২১ জুন (রোববার) রাজধানীর পিআইবি সম্মেলন কক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর দেশীয় গণমাধ্যমে যথাযথভাবে না আসায় মানুষ বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অপসাংবাদিকতা ও স্বার্থান্বেষী প্রচারণার কারণে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশা নিয়ে সমাজে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের পরাজয়কে রাষ্ট্রের পরাজয় উল্লেখ করে তিনি এআই প্রযুক্তির মাধ্যমে ছড়ানো ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
