মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের দীপ্ত প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে “Run Against Drugs” শীর্ষক এই সামাজিক সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ভোরের আলো ফুটতেই সকাল ৬:০০ ঘটিকায় নগরীর ব্যস্ততম গুলজার মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর মাদকের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ম্যারাথনটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক মহানগর উত্তর সভাপতি ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের সেক্রেটারী আ. ন. ম. জোবাইর। এসময় চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি খুররম মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন যে মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ এবং এই সামাজিক ব্যাধি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলি।”
