টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী, রাঙামাটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং অনেক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এমন পরিস্থিতিতে ১০ জুলাই (শুক্রবার) কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলালের সহযোগিতায় রাঙামাটির লংগদু উপজেলার পানিবন্দী ও বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন। এ সময় জেলা বিএনপি, লংগদু উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল চেতনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় নেতা মীর হেলালের সহযোগিতায় আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন এই দুর্যোগ থাকবে, ততদিন বিএনপি জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, “বন্যার কারণে লংগদুসহ জেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এই সংকটে মানবিক দায়িত্ববোধ থেকেই বিএনপি খাদ্যসামগ্রী বিতরণ করছে। আমরা শুধু আজকের জন্য নয়, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখব।”
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা মীর হেলাল, দীপেন তালুকদার দীপু, মোঃ মামুনুর রশীদ মামুন এবং সংশ্লিষ্ট সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করেছে।
