back to top

[the_ad id="407"]

আনোয়ারায় টাকার দ্বন্দ্বে যুবক খুন: আসামিদের ঘরে আগুন দিল জনতা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মাদক ব্যবসা ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় জড়িত আসামিদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ার বাড়ির জড়িতদের বসতঘরে ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর লাশের জানাযা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল (৩৬) ও মো. নয়ন (৩২) এর বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ মানিক (৩২) ও মো. রাসেল (৩৬) উভয় মাদক কারবারির সাথে জড়িত ছিলো। এছাড়া আসামি রাসেল যুবলীগের একজন সক্রিয় কর্মী বলেও জানা গেছে।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৭ মার্চ) রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটি জেরে মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২)সহ অজ্ঞাত ২/৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিক (৩২) কে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল (৩৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme