স্বপ্ন যাবে বাড়ি, আর সে স্বপ্ন নাড়ির টানে বাড়ি পর্যন্ত পৌঁছাতে ঈদ-উল-ফিতর’২৫ উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বিশেষ অভিযান করেছে চট্টগ্রাম বিআরটিএ।
২৭ মার্চ( বৃহস্পতিবার) বেলা ২টা থেকে বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি-ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম নগরীর সাগরিকা, অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন এবং যাত্রী সাধারনের অতিরিক্ত ভাড়া সংক্রান্ত যে কোনো অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয় ।
এ সময়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক তিনটি বাস কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী, জোনাকি পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহন থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত নিয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রামের আদালত ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া, সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি (উত্তর) মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম ।
বিআরটিএ, চট্টগ্রামের আদালত ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া বলেন,স্বস্তিতে উদযাপন করতে যাত্রীদের ভোগান্তি দূরীকরণে এই অভিযান চলমান থাকবে।
