পূর্ববর্তী পাঁচ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও সমমনা আরও সাতটি দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত। তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিলো এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনো অধরা।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি ঐক্যের প্রক্রিয়ায় একটি দলের বিরোধিতার কথাও উল্লেখ করে বলেন, আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে।
মামুনুল হক তাদের মূল দাবিগুলো উল্লেখ করে বলেন, আমাদের আটটি দলের ৫ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং নির্বাচনের আগেই এ নিয়ে পৃথক গণভোট করতে হবে। তিনি আরপিও (রাজনৈতিক দল নিবন্ধন) সংশোধনের হুমকি দিয়ে বলেন, আরপিও সংশোধন করা হলে আমরা সেটি মানবো না। অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে।
তিনি আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গণমিছিলের কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি আলোচনার ভিত্তিতে সব রাজনৈতিক দল সমাধান করতে পারব এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে একই স্থানে এই আট দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।
