back to top

[the_ad id="407"]

লুটপাটের বেড়িবাঁধেই চট্টগ্রামের কান্না: দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চলমান এই সংকটে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

​গতকাল রবিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান। আনোয়ারায় ত্রাণ বিতরণ শেষে তাঁর বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

​ত্রাণ বিতরণকালে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “ত্রুটিপূর্ণ ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণেই প্রতি বছর এই অঞ্চলের মানুষকে বন্যার মুখে পড়তে হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবার বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে, তার একটি টাকাও আমরা দুর্নীতি বা লুটপাট হতে দেব না। জনগণের টাকা যাতে সঠিক খাতে দ্রুত ব্যয় করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়, আমরা তা নিশ্চিত করব।”

​চট্টগ্রামের এই বন্যা পরিস্থিতি নিয়ে পুরো দেশবাসী উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বিত্তবান ও সাধারণ মানুষকে নিজ নিজ সক্ষমতা অনুযায়ী বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান।

​ত্রাণ বিতরণকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

​উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়াসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছেন কয়েক লাখ মানুষ। এছাড়াও কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme