চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ। দুর্গত মানুষগুলো আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে। এমন চরম দুর্দিনে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবাব।
বন্যায় গৃহহীন ও পানিবন্দি মানুষের মুখে হাসি ফোটাতে নিজের ব্যক্তিগত উদ্যোগে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তিনি। এরই ধারাবাহিকতায় লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আশ্রয় কেন্দ্রে ছুটে যান আরমানুল ইসলাম নবাব। সেখানে আশ্রয় নেওয়া প্রায় ৪০টি বন্যার্ত পরিবারের মাঝে তিনি নিজ উদ্যোগে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। হঠাৎ এই মানবিক সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আশ্রয় কেন্দ্রের অসহায় মানুষগুলোর মুখে।
ত্রাণ বিতরণকালে আরমানুল ইসলাম নবাব জানান, এটি তাদের সহায়তার প্রথম ধাপ। খুব শীঘ্রই দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে তিন হাজার কেজি চাল ও নগদ অর্থ নিয়ে পদুয়া ইউনিয়নের প্রতিটি আশ্রয় কেন্দ্রে যাবেন তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা দিতে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এই তরুণ সমাজসেবক।
আরমানুল ইসলাম নবাব আরও বলেন, “আশ্রয় কেন্দ্র ছাড়াও বন্যার্তদের পুনর্বাসনে আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি মেরামতেও সর্বোচ্চ সহায়তা করা হবে, ইনশাআল্লাহ।”
