ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদক সেবনের অভিযোগে হাফিজুল ইসলাম ও আরাফাত হোসেন নামে দুই যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌরসভার ৩নং ওয়ার্ডে সাবেক মেয়রের বাসা-সংলগ্ন এলাকায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
