ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির হামলা ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
চকবাজার প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শিক্ষাঙ্গনে ভিন্নমত দমনে হামলা ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশে সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তাওহিদুল ইসলাম শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
