আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার ২ নং বারশত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকার জনপ্রিয় মুখ মোছাঃ নুর বেগম। “পরিবর্তনের ডাক এসেছে, নারী নেতৃত্ব পাশে আছে”—এই স্লোগানকে সামনে রেখে তিনি দিন-রাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
পূর্বে সফলভাবে মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করার কারণে এলাকায় রয়েছে তাঁর সুখ্যাতি। বিগত সময়ে তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট, কালভার্ট ও সাঁকো নির্মাণ, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা এবং অবহেলিত মানুষকে আইনগত সুবিধা পাইয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ৫ই আগস্টের পর চেয়ারম্যান শূন্য হয়ে পড়লে পুরো ইউনিয়নের কাজের দায়িত্ব কাঁধে নিয়ে দিন-রাত সেবা দিয়ে গেছেন তিনি, কাউকে চেয়ারম্যানের অভাব বুঝতে দেননি।
ইতিমধ্যে সাধারণ মানুষের অধিকার আদায় ও নারী সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অবদান ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এবারও নির্বাচিত হলে হতদরিদ্র নারীদের জীবনমান উন্নয়ন, সরকারি বিভিন্ন সুবিধা শতভাগ স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে নুর বেগম বলেন, “বয়স হয়েছে, শেষ বয়সে আমার কোনো লোভ-লালসা বা চাওয়া-পাওয়া নেই। বাকি জীবনটা কেবল মানুষের সেবা করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।”
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটার, মুরুব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের নিকট দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রার্থনা করেছেন।
