back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারায় বিএনপির একটি কার্যালয় এবং জেলা শহরে একটি জিপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) রাত আড়াইটার দিকে আগুন দেওয়া হয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত রাতের আঁধারে তাঁর গাড়িতে আগুন দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া সোমবার মধ্যরাতে দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আলুটিলা এলাকায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme