চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২) নামের ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের ঘরে তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান বাবু (৩৫) বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।
আটককৃত মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২) উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। তারা দু’জনই সহোদর ভাই।
আটকের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১৮লাখ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
এসময় মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ মো. মনির হোসেন।
