back to top

[the_ad id="407"]

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিবের বৈঠক চলছে

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) চলছে। সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টার পর বৈঠক শুরু হয়।

ভারতের পররাষ্ট্রসচিব পদ্মায় প্রবেশ করলে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। প‌রে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন তারা। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটি, পানিবণ্টনের মতো বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলিও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। ভারতের কাছ থেকেও একই ধরনের বার্তা প্রত্যাশা করছে বাংলাদেশ।

সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্রসচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme