অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই; তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।’’
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করছে।’’
তিনি বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবেন। তবে, আপনাদেরও দায়িত্ব নিতে হবে। পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে-মেয়েদের প্রাণ যেন আর না ঝরে।’’
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রমুখ।
