back to top

[the_ad id="407"]

ফটিকছড়িতে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা, ৭ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসাথে দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় এক ইউনিয়নে অবস্থিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়।

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি) ইত্যাদি চিমনি ও কিলন ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সূত্রে জানা যায়, তাদের কাছে অবৈধভাবে ইটভাটা চালানোর তথ্য ছিল। তার ভিত্তিতেই গতকাল দিনভর উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। বাকি দুটির করা হয় জরিমানা। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে।

ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে, যেগুলো নিয়ম-নীতি অনুসরণ না করে চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশের সুরক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিন, ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন, র‍্যাব-৭, ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme