চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে আগুন লেগেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বলুয়ার দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে সকালে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহূর্তের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের নাম বলতে পারেননি কেউ।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
