চট্টগ্রামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাত (৪৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন সৈন্যেরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (১০ ফেব্রুয়ারি) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাত প্রকাশ নুরু পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তি চট্টগ্রাম জেলার পটিয়া থানার অস্ত্র আইনের ৩০(৩)১৭ নং মামলার ৭ বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সাত বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গতকাল রবিবার রাতে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
