চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে প্রায় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ইয়াসিন বয়লার (প্রো: ইয়াসিন) কে ৩ হাজার টাকা, প্রতিশ্রুত সেবা প্রদান না করে কিছু নির্দিষ্ট সংখ্যক ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি করায় এম কে এস ট্রেডিং (প্রো: কামাল মিয়া) কে ২০ হাজার টাকা, অধিক মূল্যে সুপার তেল বিক্রয় করা ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে মেসার্স জেকে ট্রেডার্স কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স বাগদাদ ট্রেডার্স (প্রোপাইটর শুক্কুর) কে ১০ হাজার টাকা, শাহমীর স্টোর (প্রোপাইটার মুছা) কে ৫ হাজার টাকা, মেসার্স গাউসিয়া কে ৫ হাজার টাকা এবং তামিম জেনারেল স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো আফতাবুজ্জামান।
জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
