back to top

[the_ad id="407"]

রাঙামাটিতে শাবকসহ মা হাতির মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি গর্ভবতী বুনো হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়ার যুগেজ পাহাড় এলাকায় হাতির মৃত্যু খবর পায় বন বিভাগ।

গর্ভবতী বুনো হাতির মৃত্যু সংক্রান্ত এক প্রতিবেদনে বন বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে বন বিভাগ খবর পায় উপজেলার গাইন্দা ইউনিয়নের কাইথাকপাড়ার যুগেজ পাহাড়ে একটি হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত হাতিটির চারপাশে অন্যান্য হাতি চলাচলের চিহ্ন দেখা গেছে; যা ইঙ্গিত দেয় যে এটি একটি হাতির পালের অংশ ছিল। মৃত হাতিটি গর্ভবতী ছিল। হাতিটির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। হাতিটির দৈর্ঘ্য ৯ ফুট ৪ ইঞ্চি, মাথা থেকে শরীর ৭ ফুট, সামনের পা লম্বায় ৪ ফুট, বেড় ৩৬ ইঞ্চি, পেছনের পা লম্বায় ৩ ফুট ৪ ইঞ্চি, বেড় ২৬ ইঞ্চি, লেজ লম্বায় ৪২ ইঞ্চি, বেড় ৭ ইঞ্চি, পেটের মাপ ১৪ ফুট।

হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, উপজেলার কাইথাক পাড়া পাহাড়ে একটি মেয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে বেলা ১টার দিকে বনবিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসকসহ ঘটনাস্থলে যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকেরা বলছেন, বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।’

প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্থলী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরজিৎ চাকমা বলেন, মৃত হাতিটি দুর্বল ছিল এবং বয়স্ক। মূলত হাতিটি বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চাটি পেটের ভেতর আটকে গিয়ে মারা গেছে। ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগে হাতিটি মারা গেছে। কারণ হাতিটির পেট অনেক ফুলে গেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme