উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব।
সফরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। তারা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। তাদের আগমনে উখিয়ার রাহিঙ্গা ক্যাম্পজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আরো সুসংহত করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
