নাশকতা মামলায় চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি আবেদ আমেরী (৪২) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টিম চট্টগ্রামের পটিয়া থানার মোড় এলাকা থেকে সাংবাদিক আবেদ আমেরীকে তুলে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়। সেখানে তাকে হালিশহরের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ আহমেদ সাদ্দাম (৩৬) নামে এক ব্যক্তির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে যৌথবাহিনী আবেদ আমেরীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সেদিন দুপুরে সাংবাদিক আবিদকে চট্টগ্রাম আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে স্থানীয় এক বিরোধের ঘটনায় ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনা মিশিয়ে ওই বছরের ২০ আগস্ট একটি মামলা দায়ের করেন হালিশহরের মুন্সী পাড়া এলাকার বাসিন্দা সাজ্জাদ আহমেদ সাদ্দাম। ওই মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের আসামি করা হয়। মোট ৩১ জন আসামির মধ্যে ঘটনাস্থল থেকে বহু দূরের পটিয়া এলাকার দুজনকেও সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। এর একজন স্থানীয় সাংবাদিক পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবেদ আমেরী। তিনি দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশের কর্ণফুলী ও পটিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি কর্ণফুলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও।
আবেদ আমেরীকে গ্রেপ্তারের ঘটনায় মামলার বাদী হালিশহরের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ আহমেদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে (সাংবাদিক আবিদ আমেরী) চিনেন না বলে জানান।
এদিকে সাংবাদিক আবেদ আমেরীর গ্রেপ্তারের খবরে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন কর্ণফুলী প্রেসক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারসহ মুক্তির দাবি জানান।
একইসঙ্গে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে যাবতীয় প্রতিবন্ধকতা রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।
