চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন মুন্না (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড কেন্দুয়ার গোষ্ঠী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং স্থানীয় ইউপি সদস্য মো. তাহের।
কিশোরীকে ধর্ষণের খবর পেয়ে থানা ওসির নির্দেশে কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ধর্ষক নাছির উদ্দীন মুন্নাকে আটক করে।
অভিযুক্ত নাছির উদ্দিনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায় হলেও তার পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর হামজারবাগ কলোনীর ঠিকানা উল্লেখ রয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে কিশোরীর পরিবারের কেউ বাসায় না থাকার সুযোগে যুবক বাড়িতে প্রবেশ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, কিশোরী ও যুবকের মধ্যে পূর্বপরিচয় থাকতে পারে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কও থাকার সম্ভাবনা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুজবও ছড়িয়েছে।
কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের পরিবারকে খবর দিলে তারা আসতে অস্বীকৃতি জানায়। কিশোরীর বয়স কম হওয়ায় এবং নানা জটিলতা বিবেচনায় স্থানীয় জনতা যুবককে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় নাছির উদ্দীন মুন্নার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়ে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
