back to top

[the_ad id="407"]

কুমিল্লার হোমনায় ভুয়া চক্ষু চিকিৎসক মহসীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত একটি চশমার দোকানে ভুয়া চক্ষু চিকিৎসক পরিচয়ে চিকিৎসা প্রদানকারী মো. মহসীনের ভুল চিকিৎসায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর বাম চোখে স্থায়ী ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৩ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করছেন ম্যাজিস্ট্রেট।

ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম হোমনা উপজেলার আদর্শপাড়ার বাসিন্দা। তিনি জানান, চোখে অস্বস্তি ও পানির সমস্যা দেখা দিলে তিনি ‘শারবীন চশমা ঘর’ নামক দোকানে পরামর্শ নিতে যান। সেখানে উপস্থিত ডা. মো. মহসীন পরিচয়ধারী ব্যক্তি তার চোখ পরীক্ষা করে ওষুধ দেন। ওষুধ ব্যবহারের পর তার চোখে সংক্রমণ দেখা দেয় এবং অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. মো. আব্দুল হাইয়ের শরণাপন্ন হলে তিনি জানান, ভুল চিকিৎসার কারণে চোখে মারাত্মক ক্ষতি হয়েছে এবং রোগী তার বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছেন।

এ ঘটনায় সাইফুল ইসলাম শামীম লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় মেডিকেল অফিসার ডা. ফয়জুর রহমানকে।

পরবর্তীতে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এবং ডা. ফয়জুর রহমান অভিযুক্তের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। যাচাই-বাছাই শেষে ডা. মহসীন কোনো বৈধ চক্ষু চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন বলে প্রমাণ পাওয়া যায়, প্রেসক্রিপশন ও অন্যান্য জায়গায় উল্লেখিত ডিগ্রীগুলোর কোন সার্টিফিকেট দেখাতে পারেনি,এমনকি তার ডিওলভি ও এমপিএইচও ডিগ্রি গুলিও ভুয়া। ফলে মোবাইল কোর্ট তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

ম্যাজিস্ট্রেট আরো জানান,একমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেও নামের পূর্বে ডাক্তার লাগানো বেআইনি ও অপরাধ।

এছাড়াও, অভিযুক্তকে ভবিষ্যতে কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম বা চেম্বার পরিচালনা না করার শর্তে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

স্থানীয় জনগণ প্রশাসনের এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান দেশব্যাপী অব্যাহত থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হবে না এবং জীবন ও অঙ্গহানির মতো ঘটনা রোধ করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান,
“জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme