চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গার বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের (ধারালো অস্ত্র) আঘাতে শাহ আলম (৫০) নামের এক জেঠাতো ভাই মৃত্যু হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আধুনগর ইউনিয়নের গাড়িয়ার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার মৃত হাজী আশরাফ আলীর পুত্র ও আধুনগর বাজারের লেপতোশক ব্যবসায়ী।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সি নিউজ কে জানান, ঘটনারদিন সকালে বাড়ির পাশে রাস্তায় বালুর বস্তা দিয়ে রাস্তা মেরামত করছিল চাচাতো ভাই লাভলু । এসময় শাহ আলম দোকানে যাওয়ার পথে লাভলুকে বালুর বস্তাগুলো সীমানার ভিতরে দিতে বললে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে লাভলুর হাতে থাকা কোদাল (ধারালো অস্ত্র) দিয়ে শাহ আলমের মাথায় ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শাহ আলম। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লোহাগাড়া থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হাত্যাকান্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে । ঘটনার পর থেকে ঘাতক লাভলু পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
