বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রামে প্রতিনিধি সভা ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ। তিনি বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার অপরিহার্য। জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ক্রমবর্ধমান সংশয়-সন্দেহ নিরসনে সকল রাজনৈতিক দলের ঐকমত্য অত্যন্ত জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে মতপার্থক্যের সুযোগে ফ্যাসিস্ট শাসনের পুনরুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে কিনা—তা নিয়েও ভাবতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী আবুল খায়ের। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু কে “হারিকেন” প্রতীকে দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, উত্তর জেলা সভাপতি লায়ন সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গোলাম ফারুক, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএম আবু তালেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহেনা বেগম পান্না।
