বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে ৫ ও ৬ অক্টোবর তিনি মিরপুরের শাহ আলী মহিলা কলেজ, মডেল একাডেমি, হযরত শাহ আলী (রহ.) কামিল মাদরাসা, বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অ্যাডভোকেট জায়েদ বিন নাসের বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দীর্ঘদিন তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। এখন সময় এসেছে শিক্ষকদের প্রকৃত মূল্যায়ন করার। বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড— তাই শিক্ষকরা প্রাপ্য সম্মান পেলে ভবিষ্যৎ প্রজন্মও আলোর দিশা পাবে।”
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
দিবসটি উপলক্ষে এনসিপির পক্ষ থেকে “শিক্ষক সম্মানই আলোকিত জাতি গঠনের ভিত্তি”— এই প্রতিপাদ্যে নানা কর্মসূচি পালন করা হয়।
