back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে এনসিপির সংবাদ সম্মেলন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ বিকেল ৫টায় ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সমন্বয়কারী রাফসান জানির সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সাবেক আহ্বায়ক ও এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন।

লিখিত বক্তব্যে এরফানুল হক বলেন, দেশের ক্রান্তিকালে জবাবদিহিতা নিশ্চিত করতে তারা সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের রাষ্ট্রবিরোধী ও অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, চট্টগ্রামে সাম্প্রতিক সময়ের বিভিন্ন অগ্নিসংযোগ ও নাশকতামূলক প্রচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে বাকলিয়া এক্সেস রোড এলাকায় নাশকতার চেষ্টা প্রতিহত করার ঘটনাও তিনি উল্লেখ করেন।

এনসিপি নেতারা দাবি করেন, চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যালয় এখনও অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং তারা ১২-১৫ বছর ধরে বিনা ভাড়ায় দখল করে রেখেছে।

এরফানুল হক দৃঢ় সুরে ঘোষণা দেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, শহীদ মিনারে ঘোষিত ‘ফ্যাসিবাদবিরোধী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জসীমউদ্দিন ওপেল এবং চট্টগ্রাম মহানগর এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme