চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুমোদন ছাড়া সেবা কার্যক্রম চালু ও বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরী।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আনোয়ারা প্রিমিয়ার মেটারনিটি হাসপাতালকে ৩০ হাজার টাকা ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
এছাড়া সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালকে কোনো কাগজপত্র ছাড়া প্রতিষ্ঠানটি চালু না করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর স্থানে অনুমোদন ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
