আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে বৈঠকে উত্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করছেন। ফলে সচিবালয়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
