চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও লোগো অবৈধভাবে ব্যবহার করে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে—এমন অভিযোগ তুলে সংশ্লিষ্টদের সতর্ক করেছে প্রেস ক্লাবের নির্বাহী কমিটি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে নির্বাহী কমিটি জানায়, ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিতাড়িত একটি ফ্যাসিবাদী গোষ্ঠী নিজেদের নির্বাচিত কমিটি দাবি করে চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও লোগো ব্যবহার করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের বর্তমান কমিটি ও সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল ও লাঞ্ছনাকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছে, যা গভীর উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, গত জুলাই আন্দোলনের সময় এই গোষ্ঠী আন্দোলনরত শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী ও ফ্যাসিবাদী পেটোয়া বাহিনীর হাতে তুলে দেওয়ার মতো ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছিল। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রেস ক্লাবের নির্বাহী কমিটির দাবি, আন্দোলনবিরোধী এই চক্রের প্রায় প্রত্যেক সদস্যের বিরুদ্ধেই একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘ্নে অপপ্রচার চালাচ্ছে, সদস্যদের নামে কুৎসা রটাচ্ছে এবং সাংবাদিক সমাজে প্রতিহিংসা ও বিভাজনের বীজ বপনের চেষ্টা করছে।
এছাড়াও বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও লোগো ব্যবহার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। প্রেস ক্লাব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার স্বার্থে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও নির্বাহী কমিটি অঙ্গীকার ব্যক্ত করেছে।
