চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭,এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে । এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল (১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার এলাকায় তৈলারদ্বীপ ব্রিজ সংলগ্ন বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এসময় ভাড়ায় চালিত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
আটকরা হলেন—১. ছবুরা খাতুন (৪৮), পিতা: মোহাম্মদ কাশেম, ঠিকানা: টেকনাইফফা পাহাড়, থানা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার।
২. রহিমা বেগম (২৮), স্বামী: মো. ওমর ফারুক, ঠিকানা: বৈদ্যঘোনা, থানা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার।
পরবর্তীতে তাদের লুকিয়ে রাখা ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক কারবারি এবং উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
