চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে। শেষ হবে ২২ মার্চ।
বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। গতবছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে রাখা হয়েছিল, এবার তা কমিয়ে ৩ করেছি। এছাড়া বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য। অনেক সময় দেখা যায় বি ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া অনেকেই আরবিই পড়তে জানেন না। ফলে মাইগ্রেশন বা অন্যকোনোভাবে সাবজেক্ট পাল্টাতে গিয়ে বেকায়দায় পড়ে যান। এজন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে।”
প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, “আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। এখন শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে।”
পরীক্ষার সূচি : আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিট, ‘বি-২’ উপ-ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, দ্রুতই জানানো হবে।
‘এ’ ইউনিট : বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি। ‘বি’ ইউনিট : কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি। তবে এবার বি-১ উপ-ইউনিটের পাশাপাশি নতুন বি-২ উপ-ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বি-২ উপ-ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য। অন্যদিকে ‘বি-১’ উপ-ইউনিট (চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত) আসন রয়েছে ১২৫টি। ‘সি’ ইউনিট : ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। ‘ডি’ ইউনিট : সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি। অন্যদিকে ‘ডি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ৩০টি।
