ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক রাতে সাবেক ইউপি সদস্য মো: সুরুজ্জামানের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে । মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি চাওয়া গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮ থেকে ২০ লক্ষ টাকা। স্থানীয়রা জানান, নাওগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেন (মোজা) এর বড় ভাই সাবেক ইউপি সদস্য মো: সুরুজ্জামানের গোয়ালাবাড়ী থেকে রাতের আধাঁরে দেশী ক্রস জাতের ১টি ষাঁড়, উচ্চ-দুধ উৎপাদনকারী জাতের ৭টি গাভী এবং ২টি বাছুর সহ মোট ১০টি গরু চুরি হয়। এ ঘটনায় এলাকায় খামারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় উসমান গণি স্বপন জানান, সংঘবদ্ধ গরু চোরের দল ১০টি গরু কাভার্ড ভ্যানে উঠানোর পর স্থানীয়রা টের পাওয়া মাত্রই পিকআপে উঠে দ্রুত চলে যায় ।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে।
