চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের লোহাগাড়া ডাইবেটিক জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
নিহত চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র। নিহত চুহিম একটি কাপড়ের শো-রুমের চাকরি করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে আসলে কক্সবাজার মুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী সাত্তার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার একটি টীম ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজত আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
