জুয়েলারি ব্যবসায়ী রফিকুল ইসলামকে চাকু দিয়ে ভয় দেখানো ঘটনায় ফারজানা আক্তার রুপা (৩৮) নামে এক নারীকে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল সংলগ্ন রফিকুল জুয়েলার্স নামীয় জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। রুপা ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া এলাকার বাসিন্দা ও একই গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।
বর্তমানে পুলিশ হেফাজতে থাকার কথা নিশ্চিত করেন এ এস আই ফিরোজ। ভুক্তভোগী ব্যবসায়ি ও স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে এ নারীসহ চুর চক্রের দল রফিকুল জুয়েলার্স থেকে অলংকার চুরি করে নিয়ে যান। একই কায়দায় আজ আবারও চুরি করতে আসলে ব্যবসায়ি তাকে সনাক্ত করে ফেলেন। পরে সেইদিনের ভিডিও ফুটেজ দেখালে ওই নারী চুরির কথা স্বীকার করে। এসময় কৌশলে দোকান থেকে বেরিয়ে জামায়াত,জামায়াত বাক্য উচ্চারণ করে ব্যবসায়ী রফিকুলের উপর চাকু নিয়ে হামলে পড়েন। পরে ব্যবসায়িরা বিষয়টি পুলিশ কে অবহিত করলে তাকে থানায় নিয়ে যায়।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ওই নারী দোকানটিতে গেলে দোকানি অভিযোগ করে ওই নারী তার দোকানে আগে চুরি করেছে। ওই সময় নারী তার ব্যাগ থেকে চাকু বের করে ভয় দেখাতে শুরু করে। আমরা তাদের হেফাজতে এনেছি, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
