চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান ‘অফিসার্স ক্লাব (কে সি দে ইনস্টিটিউট)’-এর ২০২৬-২০২৯ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক জেলা নাজির ও বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ জামাল উদ্দিন। এর আগে গত ২ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর গত বুধবার (৭ মে) ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন এই কমিটিতে আলহাজ মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি এবং স্বদেশ শর্মা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন দয় শংকর সেন (যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দ মো. এরশাদ আলম (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আলী (সংস্কৃতি ও বিনোদন সম্পাদক), রিয়াজ উদ্দিন আহমেদ (তথ্য সম্পাদক), নীলন বড়ুয়া (ক্রীড়া সম্পাদক), মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং মো. আমির হোসেন (সাহিত্য ও পাঠাগার সম্পাদক)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবুল হাশিম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম ও মো. আক্তার হোসেন।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন বর্তমানে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব এবং চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই শতবর্ষী প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। তাঁর এই জয়ে চট্টগ্রামের প্রশাসনিক ও সামাজিক মহলে আনন্দের জোয়ার বইছে এবং সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্বের অধীনে ক্লাবের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে।
