ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদর মধ্য বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রি ও ওজনে কারচুরির দায়ে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ।
অভিযানে নিবন্ধন ব্যাতিত শিশু খাদ্য বিক্রি করায় ৭ হাজার, অনুমোদন বিহীন রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করায় ১২ হাজার ও গরুর মাংস বিক্রি ওজনে কারচুপির দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ও ফুলবাড়িয়া থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ বলেন- পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।
