নওগাঁ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে মোহাম্মদ তারিকুল ইসলাম যোগদানের পর থেকেই বদলে যেতে শুরু করেছে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার অসহায় মানুষের আইনি সহায়তা নিশ্চিতকরণসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে সন্ত্রাসী, ভূমিদস্যু, ছিনতাইকারী, ডাকাত এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
নওগাঁর সাধারণ মানুষ যাতে রাতে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন পুলিশ সুপার। তিনি নিজেই গভীর রাতে রাস্তায় নেমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করেন। সাধারণ মানুষের যেন কোনো ধরনের সমস্যা বা হয়রানি না হয়, সেজন্য তিনি সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন। একই সাথে জেলার প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দিয়েছেন—রাতের বেলা রাস্তায় যেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং নওগাঁর প্রতিটি নাগরিক যেন নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।
মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাঁর এই সংক্ষিপ্ত সময়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে ইতিমধ্যেই কয়েকশত মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী ও কুখ্যাত ভূমিদস্যুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের এই ধারাবাহিক অ্যাকশনে জেলাজুড়ে অপরাধী চক্রের নেটওয়ার্ক অনেকটাই ভেঙে পড়েছে।
অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণায় জেলা
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নওগাঁ জেলায় সন্ত্রাস, মাদক, ছিনতাই ও ভূমিদস্যুতার কোনো স্থান নেই। এসব অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। তাঁর এই কঠোর ও আপসহীন ভূমিকার কারণে অপরাধীদের মনে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
সাধারণ ও অসহায় মানুষ যাতে খুব সহজেই আইনি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ প্রধান। থানায় গিয়ে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা তিনি নিজে কঠোরভাবে মনিটরিং করছেন। ফলে নওগাঁর সাধারণ মানুষের মনে পুলিশ ও আইনের প্রতি আস্থা এবং ভরসা বহুণ বেড়ে গেছে।
গভীর রাতে পুলিশ সুপারের নিজস্ব তদারকি এবং অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর কর্মতৎপরতায় নওগাঁর সচেতন নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে—বর্তমান পুলিশ সুপারের সঠিক নেতৃত্ব ও মানবিক দিকনির্দেশনায় নওগাঁ জেলা আজ একটি নিরাপদ ও শান্তিময় জনপদে পরিণত হচ্ছে। অপরাধমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়তে জেলা পুলিশের এই প্রশংসনীয় অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের জনগণ।
