চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেফতার করা হয়েছে। ৩০ জুন (মঙ্গলবার) রাত ১২টা ১৫ মিনিটে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশে জানায়,, গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরী সদরঘাট থানার একটি মামলার (মামলা নং-০৬, তারিখ-২২/০৮/২০২৪ইং, ধারা-১৪৭/১৫২/৪৪৭/৪৪৮/৩৫৩/৪৩৬/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড, তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)) তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় (পিতা-মোঃ মাহফুজ আলী চৌধুরী)। তবে তিনি বর্তমানে ঢাকার মুগদা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশি রেকর্ড ও তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক সভাপতি (২০০৯-২০১২), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (২০১২-২০১৪) এবং ২০২১ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
সদরঘাট থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী’ নামক বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে তার উপস্থিতি পাওয়া গেছে।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
