ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। বুধবার (২২ জুলাই) দুপুরে কুশমাইল ইউনিয়ন পরিষদস্থ টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি করেন ডিলার মেসার্স অয়ন চৌধুরী ট্রেডার্স। সেখানে ক্রেতাদের ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা। ডাল ও চিনি ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ জানান, প্যাকেট করার সময় কম হতে পারে। ভবিষ্যতে কম না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
