back to top

[the_ad id="407"]

ফেইজবুকে জ্বালানি তেলের সংকটের গুজব! ফুলবাড়ীয়ায় পেট্রল পাম্পে ভিড়

হাবিব,ফুলবাড়িয়া

জ্বালানি তেলের সংকটের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়ায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পেট্রল পাম্পে হঠাৎ করেই তেল নিতে গ্রাহকদের ভিড় বেড়ে গেছে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে মিলেনিয়াম ফিলিং স্টেশনে হঠাৎ করেই প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বেশি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালককে তেল নিতে ভিড় করতে দেখা যায়। অস্বাভাবিক এই চাপের কারণে অনেককেই দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কয়েকজন মোটরসাইকেল চালক প্রয়োজনীয় কারণ ছাড়াই অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে পাম্পে এসেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয় এবং প্রথমবারের মতো বিষয়টি বিবেচনায় নিয়ে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গুজব বা আতঙ্ক ছড়িয়ে কিংবা অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে।
কয়েকজন মোটরসাইকেল চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পরই তারা তেল কিনতে পাম্পে আসেন।
তবে পাম্পে এসে দীর্ঘ লাইন দেখে অনেকেই বুঝতে পারেন, গুজবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, প্রতিদিনের মতো প্রয়োজনীয় পরিমাণ তেল নিতেই এসেছিলেন, কিন্তু অস্বাভাবিক ভিড়ের কারণে পরিস্থিতি ভিন্ন রূপ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানায়, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme