back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ১৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০ জন কাব স্কাউট ও স্কাউট অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি সৈয়দ মাহামুদ হাসান। সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক এবিএম সিরাজ আহমেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন স্কাউট অংশ নেয়। এ ছাড়া ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্কাউটদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme