নগরীর নাসিরাবাদে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর বায়েজিদ টেক্সটাইল মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এতে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে জমির উদ্দিন নাহিদ বলেন, বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের পাশে থাকবেন। সহিংসতা ও নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আবদুল মান্নান, মো. ইব্রাহিম খলিল, মো. জসিম উদ্দিন, খোরশেদ আলম টিটু, জাবেদ সাফায়াত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নান্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদের, মোহাম্মদ আজিজ আজম, আলতাফ হোসেন অনিক, সোহাগ গাজী ও মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বায়েজিদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
