back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত-৩, আহত-৪

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানাগেছে। তবে এখনো নাম পরিচয় জানা যায়নি।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে দুপুর ১টার দিকে গুইমারার রামেসু বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ করলে তাতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধের সমর্থনকারীরা। খবর পেয়ে সিন্দুকছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানীসহ সেনাসদস্যরা সেখানে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলেন।

এ নিয়ে অবরোধকারীদের সঙ্গে সেনাসদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে সেনা সদস্যদের ওপর অবরোধকারীরা সেনাসদস্য উপর হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ১১ সেনাসদস্য ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

এ অবস্থায় সেনাসদস্যরা সেখান থেকে চলে এলে দুপুর ১টার দিকে রামেসু বাজারে অগ্নিসংযোগ করা হয়। এতে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা কয়েকটি বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা।

এরই মধ্যে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। তবে সেনাসদস্যদের আহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেয়নি পুলিশ কিংবা সেনাবাহিনী।

গুইমারা থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, সড়ক অবরোধ করা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ঝামেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঝামেলা হয়েছে। এখনও পরিস্থিতি উত্তপ্ত। পরে বিস্তারিত জানানো হবে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিকালে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে কতজন আহত বা হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি। বিস্তারিত জানার পর জানাতে পারবো।

খাগড়াছড়ির সিভিল সার্জন মোঃ সাবের বলেন, সংঘর্ষের ঘটনায় গুইমারা থেকে তিন জন যুবকের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। লাশগুলো মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্ত করা হবে। হাসপাতালে আরও ৪ জন চিকিৎসাধীন আছেন।

গুইমারা উপজেলার পাশাপাশি খাগড়াছড়ি শহরেও থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে। বাজার এবং বাজারের আশপাশে কোনও দোকানপাট খোলেনি। প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতার’ ব্যানারে গত শনিবার ভোরে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। শনিবার বেলা ২টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এ আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

অপর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মূলে রবিবার (২৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে, খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme